চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হলেও শুক্রবার র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত বদিউল আলম (৫০) পাঁচলাইশ থানাধীন নাজির পাড়া এলাকার কালামিয়া সওদাগরের ছেলে।
ব্যাব-৭ এর এএসপি (স্টাফ অফিসার) এসএম নুরু হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে পশ্চিম ষোলশহর এলাকার সুন্নিয়া মাদ্রাসার পূর্ব পাশের নাজির পাড়া এলাকার কালা মিয়া সওদাগরের পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়।
"এ সময় ভবনের চতুর্থ তলা থেকে ওই ফ্লাটের মালিক বদিউল আলমকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।"
বদিউল দীর্ঘদিন যাবৎ অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিলেন বলেও জানান নুরুল হুদা।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- চারটি চ্যানেল বক্স, চারটি কুইন্টাম, দুটি মাইক্রোনেট, এমপ্লিফায়ার তিনটি, ১২ বোল্টের ব্যাটারি ১৯টি, ৮৫টি সিমকার্ড, দুইটি মাল্টিফ্লাগ, একটি করে ব্যাটারি চার্জার, ইউপিএস, পাওয়ার সাপ্লাইয়ার, স্ট্যাবিলাইজার এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯৪৭ ঘ.
bdnews24