চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি সমুদ্রগামী জাহাজ পাঁচ বছর পরিচালনা করবে সেনা কল্যাণ সংস্থা।
জাহাজ দুটি হলো- এমভি বাংলার উর্মি ও এমভি বাংলার গৌরব।
শুক্রবার সকালে সংস্থার চেয়ারম্যান অ্যাডজুড্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ওই জাহাজ দুটি পরিদর্শন করেন।
চার মাস আগে হওয়া চুক্তির অধীনে এরই মধ্যে নিজস্ব অর্থায়নে জাহাজ দুটির সংস্কার কাজ শেষ করেছে সেনা কল্যাণ সংস্থা।
বিএসসি'র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মকসুমুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'বেয়ার বোট চার্টারিং' পদ্ধতিতে আগামী পাঁচ বছরের জন্য জাহাজ দুটি ভাড়া দেওয়া হয়েছে। এসময় সব ধরনের পরিচালনা ও সংস্কার ব্যয় করবে সেনা কল্যাণ সংস্থা। পাশাপাশি জাহাজ প্রতি দৈনিক ৫০০ ডলার করে ভাড়া পাবে বিএসসি।
এ ধরনের চুক্তির অধীনে দুটি প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা প্রকাশ করে মকসুমুল বলেন, প্রয়োজনে চুক্তির মেয়াদ আরো বাড়ানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/১৯৩৬ ঘ.
bdnews24