ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ অবসরে থাকায় তাকে ঢাবি অগাস্ট সংঘর্ষ বিষয়ে সংসদীয় কমিটিতে হাজিরের চিঠি পৌঁছানোর দায়িত্ব নিতে চাইছে না সশস্ত্র বাহিনী বিভাগ।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো এক চিঠির জবাবে এ কথা জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
বৃহস্পতিবার এ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "অপারগতা প্রকাশ করে সশস্ত্র বাহিনী বিভাগের ফিরতি চিঠি বুধবার পেয়েছি। আমরা আবার তাদের অনুরোধ জানাবো চিঠি পৌঁছাতে। বিকল্প পথও রয়েছে আমাদের।"
মেনন জানান, ইমেইলে দুইজনই তাগাদা পেয়েছেন। ফখরুদ্দীন সাহেবের চিঠি পৌঁছেছে।
"এবার সশ্রস্ত্র বাহিনী অপারগতা প্রকাশ করায় মইন উ আহমেদকে বাসার ঠিকানায় সরাসরি চিঠি পাঠানো হবে।"
সংসদীয় উপ-কমিটির কাছে ৫ জুন পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দ্বিতীয় দফায় তলবি চিঠি পাঠানোর কথা গত ২৬ এপ্রিল জানান নাঈমুল আজম খান। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব।
সেসময় নাঈমুল বলেন, "দুইজনকে পৌঁছে দেওয়ার জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে ও সেনা প্রধানের চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ই-মেইলেও তা পাঠানো হয়েছে।"
তিনি জানান, ২৬ এপ্রিল তাদের চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষের বিষয়ে বক্তব্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় উপকমিটির বৈঠকে ফখরুদ্দীন ও মইনের হাজির হতে প্রথম দফায় বলা হয় গত ১৮ এপ্রিল।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুজনই হাজির হতে অপরাগতা জানিয়ে চিঠি পাঠান। এতে তারা তৎকালীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন দেখার পরামর্শ দেন।
কমিটির সামনে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে দ্বিতীয় দফায় তলবি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় ১৮ এপ্রিল।
প্রথমবার সশ্রস্ত্র বাহিনীর মাধ্যমে মইন উ আহমেদকে ও মন্ত্রি পরিষদ বিভাগের মাধ্যমে ফখরুদ্দীন আহমদের চিঠি পৌঁছে দেওয়া হয়।
সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব নাঈমুল আজম খান ইতোমধ্যে জানান, ৫ জুন হাজির হতে এ দুজন ছাড়াও তৎকালীন ডিজিএফআই'র সাবেক মহাপরিচালক, র্যাব-৫ এর প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনকে কমিটিতে বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় আহত ছাত্রনেতাদের বক্তব্য আগামী ১৯ মে শুনবে সংসদীয় উপকমিটি। উপ-কমিটির বৈঠকে বক্তব্য জানাতে নির্যাতিত ১২ ছাত্রনেতাকেও চিঠি পাঠানো হয়েছে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৯ ঘ.
bdnews24