গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সালনায় চার বছরের শিশু ফারহানা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মিনু মিয়া (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৬)।
বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রেডিয়াম কিন্ডার গার্টেনের প্লে গ্র"পের ছাত্রী ফরহানার লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতেই ফারহানার বাবা মো. ইলিয়াস খান জয়দেবপুর থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে।
মিনু মিয়া ও ইয়াসমিনের জাবানবন্দীর বরাত দিয়ে এসআই জানান, ফরহানার বাবা-মার কাছে এই দম্পতি কিছু টাকা চেয়েছিলো। কিন্তু ফারহানার বাবা-মা সেই টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন।
এর জের ধরেই ফারহানাকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার দম্পতি পুলিশকে জানিয়েছে।
এসআই জানান, ফারহানাকে হত্যার পর মিনু মিয়া প্রথমে নিজের ঘরের খাটের নীচে ও পরে গভীর রাতে প্যান্ট দিয়ে পেঁচিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে আসে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করেছে।
দম্পতিকে গ্রেপ্তারের সময় মিনু মিয়ার ছেলে রুবেলকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২২ ঘ.
bdnews24