ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শরৎ গুপ্ত রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুলিতে আহত পথচারী শাহিন (৩৩) ও নিরাপত্তাকর্মী মো. সাদেককে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহিন সাংবাদিকদের জানান, সকালে শরৎ গুপ্ত রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলি
তার ডান হাতে লাগে। এতে তিনি আহত হন।
তিনি সন্ত্রাসীদেরকে গুলি ছুড়তে ছুড়তে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন বলে জানান।
নিরাপত্তাকর্মী সাদেক সাংবাদিকদের জানান, তিন যুবক সকাল সাড়ে ১১টার দিকে কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাসার সামনে আসে। যুবকদেরকে বাসায় ঢুকতে বাধা দেওয়ায় যুবকরা তাকে অস্ত্র ঠেকিয়ে দরজার কল বেল চাপে। দরজা খোলার পর যুবকরা বাসার ভেতরে ঢুকে পড়ে। জয়নাল বিষয়টি বুঝতে পেরে নিজের পিস্তল বের করলে সন্ত্রাসীরা তাকে ছুরি মেরে দৌড়ে নিচে নেমে যায়।
গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসা থেকে কিছু খোয়া যায়নি। তবে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ব্যাগে ৮টি ককটেল পাওয়া যায়। জয়নাল আবেদীন সামান্য আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/কেএমএস/১৫৫৯ ঘ.
bdnews24