২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সালিশ বসিয়ে পুরো পরিবারকে মারধর

অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে স্থানীয় প্রভাবশালীরা জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামী-সন্তানসহ এক নারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

জয়পুরহাট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে স্থানীয় প্রভাবশালীরা জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামী-সন্তানসহ এক নারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাদের তিনদিন ঘরের বাইরে যেতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাদের উদ্ধার করে। পরিবারের কর্তা আবু জাহের সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বেসরকারি সংস্থায় কাজের সূত্রে তিনি বগুড়ায় থাকেন। আর দুই সন্তানকে নিয়ে স্ত্রী রোজিনা আক্তার ওরফে জীবননেছা থাকেন কালাই উপজেলার পুরগ্রামের বাড়িতে। আবু জাহের বলেন, অসুস্থ থাকায় জীবননেছা তিনদিন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ৪ মে বিকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ওষুধ আনতে ভুলে যান তিনি। জীবননেছা বগুড়ায় অবস্থানরত স্বামীকে ফোনে বিষয়টি জানালে তিনি তার বন্ধু আবু কালামকে ওষুধ কিনে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পাশের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের বাসিন্দা আবু কালাম ওষুধ পৌঁছে দিতে ওইদিনই আবু জাহেরের বাড়িতে পৌঁছান। রাত হয়ে যাওয়ায় জাহেরের অনুরোধে সেখানেই থেকে যান কালাম। জীবননেছা অভিযোগ করেন, রাতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের বাড়ি ঘেরাও করে কালাম ও তাকে এক ঘরে আটকে রাখে। পরদিন সকালে সালিশ বসিয়ে তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। খবর পেয়ে তার আবু জাহের বাড়ি ফেরার পর তাকেও কাঠাল গাছে বেঁধে মারধর করা হয়। এ সময় তাদের বড় মেয়ে ইসমত আরা ঐশি তার বাবাকে না মারার অনুরোধ করলে তাকেও লাথি ও কিলঘুষি মারা হয়। এরপর থেকে ৫ ও ৬ মে পুরো পরিবারকে ঘরে আটকে রাখে স্থানীয় প্রভাবশালীরা। ৭ মে কালাই থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে পরদিন তারা হাসপাতাল ছেড়ে যান। কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাড়িতে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ওই দম্পতির বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। তারা থানায় মৌখিক অভিযোগ দিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এখনো কেনো মামলা হয়নি। আবু জাহের বলেন, বাড়িছাড়া করে তাদের জায়গাজমি দখল করার জন্যই একটি চক্র শালিসের নামে এ ঘটনা ঘটিয়েছে। এই নির্যাতনের জন্য কালাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুনুর রশীদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মফিদুল ইসলাম, আব্দুস সোবহান, মিজানুর, মান্না, রাংকুসহ স্থানীয় প্রভাবশালীদের দায়ী করেন তিনি। তার দাবি, "কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে আমার পুকুর দখল করেছে। তারা আমাদের গ্রামছাড়া করার জন্য এ কৌশলের আশ্রয় নিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু জাহের বলেন, "অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ পৌঁছে দিতে আমি নিজেই বন্ধু কালামকে বাড়ি পাঠিয়েছিলাম। রাতে থাকার ব্যবস্থা করতে আমিই স্ত্রীকে বলেছিলাম।" মামলা না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, এলাকার প্রভাবশালীদের ভয়ে মামলা করেননি। পুরগ্রাম সিইউ মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইসমত আরা ঐশি বলে, "আব্বুকে বেঁধে কাঠালগাছে ঝোলানোর সময় আমি এগিয়ে গেলে পাশের বাড়ির মিজানুর আমার চুলির মুঠি ধরে লাথি ও কিল ঘুষি মারে। পরে আমাকে ঘরে আটকে রেখে আব্বু ও আম্মুাকে মারধর করে।" এ বিষয়ে পশ্ন করা হলে কালাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু বলেন, সালিশে ওই দম্পতিকে পারিবারিকভাবে শাসন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্ত মারধরের কোনো কথা ছিল না। কিন্তু বিএনপি নেতা মামুনের নির্দেশে তার ভাই ছাত্রদল নেতা মফিদুল, মিজানুর ও সোবহান তাদের বেধরক পেটায়। তারা তিনদিন ওই পরিবারের সদস্যদের ঘর থেকে বের হতে দেয়নি বলেও জানান তিনি। উদয়পুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, "গভীর রাতে একই ঘরে একজন লোকসহ রোজিনাকে আপত্তিকর অবস্থায় গ্রামের লোকজন আটক করে। সকালে সালিশে গ্রামের লোকজন উপস্থিত হয়ে আমাকেও সেখানে ডাকে। আওয়ামী লীগ নেতা ফিজুও সেখানে ছিলেন।" তিনি আরো বলেন, "সালিশের পর ফিজুর উপস্থিতিতে পরিবারের সদস্যরা রোজিনা ও স্বামী জাহেরকে শাসন করেছে বলে শুনেছি। ফিজু ও আমি আসছে ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী। উদ্দেশ্যমূলকভাবে তিনি এ ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা করছেন।" কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু হোসেন মণ্ডল বলেন, ওই দম্পতির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.