ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
এর আগে রীতি অনুযায়ী, শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন।
গত ১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে এ পরীক্ষায় ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন।
আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন।
এর মধ্যে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী এবং আর দাখিল পরীক্ষায় ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন অংশ নেয়।
২ হাজার ১৮১ টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছয় লাখ ৭৮ হাজার ২৯৩ জন। আর ছাত্রীর সংখ্যা ছিল ছয় লাখ ৩৬ হাজার ৭০৯ জন। ২০১০ সালে ছাত্রী ছিলো ৭৮ হাজার ৩৪৭ জন।
গত বছর দেশের ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৮ শতাংশ। আটটি শিক্ষাবোর্ডের কেবল এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭৮ দশমিক ১৯ শতাংশ।
মোট জিপিএ-৫ পায় ৮২ হাজার ৯ শ' ৬১ জন পরীক্ষার্থী। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ১শ' ৩৪ জন।
২০০৯ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৭ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার সিলেট বোর্ডে (৭৮.৭১%), সবচেয়ে কম রাজশাহী বোর্ডে (৫৮.৪১%)। ঢাকায় পাসের হার ছিলো ৬৯ দশমিক ১১ শতাংশ।
২০০৮ সালে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সব মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৩০৭ জন।
এছাড়া দাখিল পরীক্ষায় পাসের হার ছিলো ৮৫ দশমিক ৮৫ শতাংশ। এসএসসি ভোকেশনালে উত্তীর্ণ হয় ৭০ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে এসএসসিতে পাসের হারের দিক থেকে সেরা হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ এর দিক থেকে সবার সেরা হয় ভিকারুননিসা নুন স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24