চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকার পল্টন এলাকার হোটেল রয়েল প্যালেস থেকে অপহরণকারী রাশেদুল হাসানকে (২৮) গ্রেপ্তার করা হয়। সেখান থেকে অফহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
রাশেদুল সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মো. ইউনূসের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পশ্চিম পাড় এলাকার বাসিন্দা। নগরীর একটি চেইন শপে রাশেদুল কর্মরত বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে পাহাড়তলী থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের এ ঘটনা জানান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ এপ্রিল নগরীর পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকার এক ব্যবসায়ীর মেয়েকে অপহরণ করে রাশেদুল।
২২ এপ্রিল ওই কিশোরীর ভাই বাদি হয়ে পাহাড়তলী থানায় অপহরণ মামলা করেন। তাকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
অপহরণের পর রাশেদ মেয়েটিকে বিয়ে করে চকরিয়ায় অবস্থান নেয়। অভিযানের খবর পেয়ে রাশেদুল পালিয়ে ঢাকার রয়েল প্যালেস হোটেলে অবস্থান করে। তার অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে শাহবাগ থানার সহযোগিতায় রাশেদুলকে গ্রেপ্তার করা হয়।
ওসমান গণি জানান, ওই কিশোরীকে অপহরণ করা ছাড়াও রাশেদুল বেশ কয়েকজন স্কুল ও কলেজছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে অন্তরঙ্গ মুহূতের্র ভিডিওচিত্র ধারণ করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারি কমিশনার তানভির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরণের অন্তত ৪০টি ভিডিওচিত্র ধারণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তা প্রচারের বিষয়ে রাশেদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, "একটি ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। অন্যগুলো উদ্ধারে অভিযান চলছে।"
পাহাড়তলি থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাশেদ তাকে বিয়ে করেছে।
তানভীর আরাফাত জানান, অপহরণ মামলার পাশাপাশি পর্নোগ্রাফি আইনে রাশেদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমইউএস/পিডি/১৯২৯ ঘ.
bdnews24