২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া: আপিলের রায় বৃহস্পতিবার

ফতোয়া নিয়ে আপিলের ওপর বৃহস্পতিবার রায় দেবে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে ফতোয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া নিয়ে আপিলের ওপর বৃহস্পতিবার রায় দেবে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে ফতোয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছিলো। গত ৪ মে আপিল বিভাগ শুনানি শেষে এ আপিলকে রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখে। এর রায়ের জন্য দিন ঠিক করে আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকা বুধবার তৈরি হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ রায় দেবে। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ এক স্ব-প্রণোদিত আদেশে ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। ১০ বছরের বেশি সময় পর এ বছরের ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরিয়া) হিসাবে টিএইচ খান, রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এবিএম নুরুল ইসলাম, এএফ হাসান আরিফ, তানিয়া আমীর এবং এমআই ফারুকী বক্তব্য শোনে আপিল বিভাগ। এছাড়া পাঁচ জন আলেমের বক্তব্যও শোনে আদালত। ফতোয়া নিয়ে হাইকোর্টের আরো একটি রায় রয়েছে। গত বছরের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া অন্য এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬২৭ ঘ.