ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বিষয়ে রায় পুনর্বিবেচনায় সরকারের আবেদন কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। আদালত সামরিক শাসনে জারি করা বিদ্যমান আইনি বিষয়গুলো নিয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে বলেছে।
বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুনানি শেষে বুধবার রায় পর্যালোচনার আবেদন নিষ্পত্তি করে।
ক্রান্তিকালীন অবস্থা বলে সামরিক শাসনামলের কিছু কাজকে মার্জনার বিষয়ে আদেশে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত অবস্থাকেই কেবল ক্রান্তিকালীন অবস্থা বলা যায়।
১৯৭৫ এর ১৫ আগস্টের পর ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত সামরিক শাসনামলে জনকল্যাণে আইনি ও সাংবিধানিক যে সব পরিবর্তন বলবৎ রয়েছে, তা ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে। আপিল বিভাগের রায়ে যে সব বিষয় মার্জনা করা হয়েছিলো, সে বিষয়ে সিদ্ধান্ত সংসদকে নিতে হবে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগের নিয়োগ বদলি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার বিধান বলবৎ থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "পঞ্চম সংশোধনীর রায়ে জিয়ার আমলে সামরিক ফরমানের মাধ্যমে সংশোধিত সব আইনি ও সাংবিধানিক পরিবর্তন হাইকোর্ট বাতিল করেছিল। এর মধ্যে কিছু আইন সুপ্রিম কোর্টের রায়ে মার্জনা করা হয়। আজ বলা হয়েছে, ওই মার্জনা থাকবে। তবে চিরদিনের জন্য নয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ের মধ্যে সংসদ এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
তিনি বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনীর পর ১১৬ অনুচ্ছেদের শেষাংশে বিচারকদের নিয়োগ ও বদলিতে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার বিধান ছিলো। হাইকোর্টের রায়ে এই অংশটিও বাদ পড়েছিলো। সুপ্রিম কোর্ট এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখে এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে মত দেয়। ফলে পুনর্মুদ্রিত সংবিধানে এ বিষয়টি বাদ পড়ে। এই রায়ের পর পুনর্মুদ্রিত সংবিধানে এ বিষয়টিও যুক্ত হবে।"
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের আরো বলেন, "এ রায়ের ফলে আর কোনো উচ্চাভিলাষী ব্যক্তি ক্ষমতা দখলের সাহস করবে না। কারণ এখানে অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে।"
পাশাপাশি রাজধানীর মুন সিনেমার মালিকানার বিষয়টি তিন মাসের মধ্যে সরকারকে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের করা একটি রিট আবেদনের রায়েই হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে।
রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
তখনকার অ্যাটর্নি জেনারেল ওইদিনই এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।
ক্ষমতার পালাবদলে সরকারের এক আবেদনে গত ৩ জানুয়ারি আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেন। তবে তখনকার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থী তিন আইনজীবী এই রিটে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন।
শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেন। তবে হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল বিভাগের কিছু পর্যবেক্ষণ যোগ করা হয় ওই আদেশে।
তখনকার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ ওই আদেশের মাধ্যমে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলে।
সরকার পক্ষ গত ১৪ মার্চ আপিল বিভাগের আদেশের ওই অংশটি প্রত্যাহারের আবেদন করে।
আবেদনের কারণ হিসেবে অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, "মার্শাল ল' প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান সংশোধনকে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এ ব্যাপারে আপিল বিভাগের (কিছু পরিবর্তনসহ) রায়ের মধ্যে সামরিক শাসনামলের কিছু কাজকে মার্জনা করা হয়েছে। আমরা এর বিরোধিতা করে হাইকোর্টের রায়কে পুনর্বহালের দাবি জানিয়েছি।"
সামরিক শাসনামলের বিষয়ে হাইকোর্টের রায়কেই যথার্থ ও সঠিক বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/জেকে/১৯৫৩ ঘ.
bdnews24