কুষ্টিয়া, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ার শিলাইদহে আয়োজিত তিনদিনের অনুষ্ঠান মঙ্গলবার রাতে শেষ হয়েছে।
তবে রবীন্দ্র মেলা চলবে আরো দুই দিন। রোববার এ অনুষ্ঠান শুরু হয়।
শেষ দিনেও কুঠিবাড়িতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকে দর্শনার্থীদের জন্য কুঠিবাড়ি খোলা ছিল।
কবিগুরুর স্মৃতি বিজড়িত বাড়িতে অবস্থান করে, কবির ব্যবহৃত আসবাবপত্র নিজ হাতে ছুঁয়ে, ফ্রেমে বাঁধা দুর্লভ আলোকচিত্র দেখে মুগ্ধ হয়েছেন তারা।
দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রমঞ্চে পালাক্রমে সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে আগত হাজার হাজার দর্শক মঞ্চের সামনের মাঠ, কুঠিবাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, রবীন্দ্রনাথ আমলের শান বাঁধানো পুকুর ঘাট, বকুল তলায় বসে উপভোগ করেছেন শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে ছিল আলোচনা অনুষ্ঠান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ মামুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ, কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জমির উদ্দিন।
হেদায়েতুল্লাহ মামুন বলেন, কবিগুরু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থান পেয়েছেন। তাইতো জন্মের এতো বছর পরও বাঙালির হৃদয়ে তিনি চির অম্লান হয়ে আছেন।
সরোয়ার মুর্শেদ বলেন, রবীন্দ্রনাথ তার নোবেল পুরস্কার জয়ী গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শিলাইদহে বসেই করেছিলেন। আর সেই পুরস্কারের অর্থ দিয়ে শিলাইদহে ক্ষুদ্র ঋণ দিয়ে তিনি দরিদ্রদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেন।
জমির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র"তি মতো শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়ার কথা। একটি মহল তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে পর্যাপ্ত জমি নেই এ অজুহাতে তারা ষড়যন্ত্রে লিপ্ত।
"বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা এখানে জমি দিতে প্রস্তুত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিলাইদহেই হতে হবে, " বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.
bdnews24