গাইবান্ধা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার জেরে সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তিনঘণ্টা কর্মবিরতি করেছেন। এ সময় চিকিৎসকরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
পরে অভিযুক্ত দুই চিকিৎসককে বদলি করলে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি রোস্টার তৈরি করা নিয়ে চিকিৎসা কর্মকর্তা ডা. শফিউল আলমের ভাড়া করা লোকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার আলমকে রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তার কার্যালয়ে আটকে রাখেন।
এক পর্যায়ে শফিউল আলমের বানানো একটি ডিউটি রোস্টারে স্বাক্ষর করিয়ে আকতার আলমকে ছেড়ে দেন।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে সিভিল সার্জনকে জানান।
একই অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্য চিকিৎসকরাও নিরাপত্তার দাবিতে সকাল পৌনে ৯টার দিকে তাদের দপ্তরে তালা দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে চলে আসেন।
সিভিল সার্জন আরো জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) জানান।
দুপুর ১২টার দিকে ইউএনও আরিফুল হক পুলিশসহ গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের তালা খুলে দেন।
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. শাহাদৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত দুই ডাক্তার শফিউল আলম ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে তাৎক্ষণিক দিনাজপুরের খানসামায় বদলি করলে পরিস্থিতি শান্ত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সামসুজ্জামান শিপন বলেন, সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তার আশ্বাস দেওয়ায় চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার আলম এখনো কাজে যোগ দেননি বলে তিনি জানান।
ডা. আকতার আলম এ কথা স্বীকার করে বলেন, তার পক্ষে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযুক্ত ডা. শফিউল আলম জানান, তিনি কাউকে দিয়ে জরুরি বিভাগের ডিউটি রোস্টারে স্বাক্ষর করাননি। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার বিষয়টি সম্পর্কেও তিনি কিছু জানেন না।
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ডা. সামসুজ্জামান শিপন, ডা. সুজিত কুমার সরকার ও ডা. মমিনুল ইসলাম প্রমাণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24