২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রীর টিকিটের জন্য কলকাতায় আলাদা বুথ

ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা রেল স্টেশনে একটি পৃথক টিকিট বুথ খোলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা রেল স্টেশনে একটি পৃথক টিকিট বুথ খোলা হচ্ছে। রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "কলকাতায় অগ্রিম টিকিট সংগ্রহের ক্ষেত্রে যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে।" নয়াদিল্লিতে ৪ থেকে ৬ মে দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মৈত্রী এক্সপ্রেসের ভ্রমণ সময় কীভাবে আরো কমিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তৌহিদুল আনোয়ার বলেন, এর ভিত্তিতে শিগগিরই সময়সূচিতে পরিবর্তন আনা হবে। ২০০৮ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) দুই দেশের মধ্যে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। রেলওয়ে মহাপরিচালক জানান, বৈঠকে পণ্য আনা-নেওয়ায় সুবিধার জন্য আগরতলা-ব্রাহ্মণবাড়িয়া রুটের অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে। "অবকাঠামো উন্নয়ন ব্যয় বহন করবে ভারত।" তিনি জানান, ভারতের মালবাহী কার্গো ত্রিপুরা থেকে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর স্টেশন হয়ে চট্টগ্রামে যাবে। আঞ্চলিক যোগাযোগের এই বিষয়টি গত বছর প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে দুই দেশের যৌথ ইশতেহারে ঘোষণা করা হয়েছিলো। তৌহিদুল আনোয়ার বলেন, এই সেবার জন্য অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। আর এটি সম্পন্ন করতে দেড় বছরের মতো সময় লাগবে। এজন্য দুই দেশের মধ্যে একটি চুক্তির প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। মৈত্রী এক্সপ্রেসের জন্য বিমানবন্দরের মতো স্বয়ংক্রিয় 'লাগেজ হ্যান্ডলিং সিস্টেম' চালুর একটি প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৮৪৬ ঘ.