নরসিংদী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট করেছে।
সোমবার দুপুরে এই হামলার সময় সন্ত্রাসীরা গুলিবর্ষন করে ও ব্যাপক ভাংচুর চালায়।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের নয়ন, আলতাফ ও জাহাঙ্গীরের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী সৌদী প্রবাসী আলমগীর ভূইয়া ও আবু বকর ছিদ্দিকের বাড়ির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
তারা ৪/৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আলমগীর ভূইয়ার স্ত্রী সাবেরা ইয়াসমিনের কপালে পিস্তল ঠেকিয়ে ঘরের মালামাল লুট করে। সন্ত্রাসীরা তার দেবর আবু বকর ছিদ্দিকের ঘরে প্রবেশ করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়।
খবর পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পলাশ থানা পুলিশ ওই বাড়ি থেকে গুলির খোসা উদ্ধার করেছে।
আলমগীর ভূইয়ার স্ত্রী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাবেরা ইয়াসমিন জানান, সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে তার কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার ড.আক্কাছ উদ্দিন ভূইয়া জানান, বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিনকে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭১১ ঘ
bdnews24