২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বৈধ, না অবৈধ- মঙ্গলবার সে রায় দেবে সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বৈধ, না অবৈধ- মঙ্গলবার সে রায় দেবে সর্বোচ্চ আদালত। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের রায়ের জন্য দিন ঠিক করে আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকা তৈরি হয়েছে। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজনের রিট আবেদনে ২০০৪ সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিট আবেদনকারী পক্ষ। সলিম উল্লাহ মারা যাওয়ায় এবং অন্য আবেদনকারী রুহুল কুদ্দুস বাবু হাইকোর্টের বিচারক হওয়ায় বর্তমানে মো. আব্দুল মান্নান খান এ রিট আবেদনের বাদি হিসাবে রয়েছেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে গত ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়, শেষ হয় ৬ এপ্রিল। আপিলের শুনানিতে সর্বোচ্চ আদালত অ্যামিকাস কিউরি হিসেবে কামাল হোসেন, টিএইচ খান, রফিক উল হক, এম জহির, মাহমুদুল ইসলাম, আমীর উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসির বক্তব্য শুনেছে। রিট আবেদনকারীদের বক্তব্য ছিলো- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্রকে নষ্ট করেছে। তারা এ ব্যবস্থা অবৈধ ঘোষণার আবেদন করেন। দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সাংবিধানিক স্বীকৃতি ১৯৯৬ সালে এলেও ১৯৯০ সালে গণঅভ্যূত্থানে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন একটি সরকারের অধীনে হয় সাধারণ নির্বাচন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে অনীহা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংবিধান সংশোধন করে বিএনপি। ২০০৬ সালে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকার পর এ পদ্ধতির দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করার সুপারিশ আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ৩ মাস মেয়াদে নির্বাচন করতে না পারলে আগের সরকারের অধীনে নির্বাচনের বিধান যোগ করতে। অ্যামিকাস কিউরিয়াদের মধ্যে অধিকাংশই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই বক্তব্য রাখেন। তবে আজমালুল হোসেন কিউসি বক্তব্য রাখেন বিপক্ষে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সমালোচনা করে এলেও বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, এ ব্যবস্থা বাতিল হলে আন্দোলনে নামবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭০০ ঘ.