মাগুরা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক অতিরিক্ত দায়রা জজ মুজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সৈয়দ বাবলু (৪৫) সদর উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রূপাটি গ্রামের বাসিন্দা।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ ফিরোজুর রহমান সাংবাদিকদের জানান, ২০০৮ সালের ২৯ জুন বাবলু তার প্রতিবেশী একটি শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে নিজের কাপড়ের দোকানে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ সময় ধর্ষক বাবলু পালিয়ে যায়।
পরদিন শিশুটির মা বাবলুকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ বাবুলকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৯ ঘ.
bdnews24