শরীয়তপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে।
জাজিরা ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামে রোববার রাতে রূপাই হাওলাদার ও রব হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
নিহত স্বপন হাওলাদার (৩০) রূপাই হাওলাদারের ছেলে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন।
জাজিরা থানার পরিদর্শক এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয় স্বপন। ঢাকায় নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। টেটাবিদ্ধ রহিম হাওলাদার নামে অন্য এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা এনায়েত বলেন, এলাকার আধিপত্য নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিলো। রোববার রাতে স্বপন তার কয়েকজন সঙ্গী নিয়ে দুর্বাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার সময় বাজারের পূর্ব পাশে রব হাওলাদারের পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।
এ খবর পেয়ে রূপাই হাওলাদারের সমর্থকরাও ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। দুই পক্ষ টেটা, রামদা, বল্লম, সরকিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে।
আহত এস্কেন্দার হাওলাদার, সেকেন্দার হাওলাদার, এসকেন্দার মাদবর, মফিজুল হাওলাদার, সেলিম হাওলাদার, ফরহাদ হাওলাদার, মুনসুর হাওলাদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24