চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দফা দাবিতে চট্টগ্রামের তিন জেলার ২৮ রুটে ১৯ মে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে 'উত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ'।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিগামী যানবাহনের জন্য বন্দরনগরীতে স্বতন্ত্র টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনার জন্য চালককে দায়ী করে মামলা বন্ধ, গাড়ির টায়ার, টিউব ও যন্ত্রাংশের দাম কমানো, কথিত পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ, সড়ক ও ব্রিজ সংস্কার এবং ফটিকছড়ি উপজেলায় কার-মাইক্রো-জিপ শ্রমিক ইউনিয়নের কার্যালয় বৈধ নেতৃত্বের কাছে হস্তান্তর।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জাফর আলম বলেন, ১৫ মের মধ্যে দাবিগুলো মেনে নিতে হবে। তা না হলে উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলা, পাবর্ত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ২৮টি রুটে ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা হবে।
সংগঠনের উপদেষ্টা মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহাম্মদ, মঞ্জুরুল আলম মঞ্জু, দৌলত মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এইচএ/২০২৬ ঘ.
bdnews24