২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষথ্যালাসেমিয়া থামাতে হবে এখনই

বাংলাদেশে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছেন। অর্থাৎ প্রতি ১৬ জনে একজন ভয়ঙ্কর এ রোগের বীজ বহন করে চলেছেন তাদের দেহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে আশিক চৌধুরীর কক্ষের দড়জায় হঠাৎই ধাক্কা দিলো কেউ। তার পর দুর্বল কণ্ঠে কেউ বলে উঠলো- 'থ্যালাসেমিয়া'। প্রতি মাসেই অন্তত দুইবার এ ঘটনা ঘটে বলে এখন আর চমকে ওঠেন না আশিক। বিরক্তও হন না। প্রতিবারই দরজা খুলে বাইরে দেখতে পান ২১ বছর বয়সী রাজিবকে। প্রতিবারই কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রাজিবকে প্রতি মাসেই রক্ত নিতে হয়। বেঁচে থাকার তাগিদে নিয়মিত ওষুধ খেতে হয়। আর এর খরচ যোগাড় করতে প্রতি মাসেই ঢাকা মেডিকেলের ডরমেটরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে ঘুরে ঘুরে সাহায্য চাইতে হয় তাকে। থ্যালাসেমিয়া বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে রাজিবের মতো শত শত তরুণ ও শিশু এই রোগটি পেয়েছে উত্তরাধিকার সূত্রে। দুঃসহ এক জীবন তাদের বয়ে বেড়াতে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. মো. আব্দুর রহিম বলেন, "থ্যালাসেমিয়া রোগীদের প্রতিমাসে দুই থেকে চার ব্যাগ রক্ত দিতে হয়। আর বার বার রক্ত নেওয়ার কারণে দেহে জমা হওয়া অতিরিক্ত লোহা দূর করার জন্য প্রয়োজন হয় দামি ওষুধ।" একটি পর্যায়ে গিয়ে অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীর পরিবার আর চিকিৎসার টাকা যোগাতে পারে না। এতে করে রোগীর অবস্থা হয় আরো শোচনীয়। রাজিবের বাবা একজন সবজি বিক্রেতা। স্বেচ্ছাসেবী সংগঠন 'সন্ধানী' রাজিবের জন্য রক্ত সংগ্রহের ব্যাপারে তাকে নিয়মিত সহযোগিতা দিচ্ছে। কিন্তু ওষুধ কেনার জন্য প্রতি মাসে যে তিন-চার হাজার টাকা লাগে তা সংগ্রহ করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় তাকে। আর প্রাথমিক শেষ না করেই পড়ালেখার পাট চুকাতে বাধ্য হওয়া রাজিক কৃতজ্ঞতাবশত সন্ধানীকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন এই দুর্বল শরীর নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছেন। অর্থাৎ দেশে প্রতি ১৬ জনে একজন ভয়ঙ্কর এ রোগের বীজ বহন করে চলেছেন। আর কোনো দম্পতির দুই জনই যদি থ্যালাসেমিয়ার জিন বহনকারী হন, তাহলে ২৫ শতাংশ ক্ষেত্রে তাদের সন্তানটি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকরা বলছেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে এ বিষয়টি এড়ানো সম্ভব। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের রক্তের লোহিত কণিকা ভেঙে যেতে শুরু করে। ফলে দেখা দেয় ভয়াবহ রক্তশূন্যতা। সাধারণত এ রোগের উপসর্গগুলো দেখা দেয় ২ থেকে ৫ বছর বয়সের মধ্যেই। শিশুটি ক্রমাগত দুর্বল হয়ে পড়ে, খাওয়ার প্রতি তৈরি হয় অনীহা। সব সময়ই কোনো না কোনো রোগে আক্রান্ত হয় সে। এমনকি একটি পর্যায়ে দেহের স্বাভাবিক বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। আব্দুর রহিম জানান, প্রতিবছর প্রায় ৭ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। বর্তমানে দেশে প্রায় দেড় লাখ রোগী আছেন, যাদের বাঁচিয়ে রাখতে নিয়মিত রক্ত দিতে হচ্ছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করে কিছু রোগীর ক্ষেত্রে উপকার পাওয়া গেলেও এটি খুবই ব্যয়বহুল। "তবে পর্যাপ্ত অর্থ ব্যয় করলে দেশ থেকে যে এ রোগ নির্মূল করা সম্ভব- সাইপ্রাস তা করে দেখিয়েছে," ডা. মো. আব্দুর রহিম বলেন। তিনি জানান, ১৯৭০ সালে সাইপ্রাসে প্রতি ১৫৮টি শিশুর মধ্যে একজন থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিতো। বর্তমানে এই হার প্রায় শূন্য। রহিম বলেন, "এ রোগ নির্মূলে বিয়ের আগে সবার রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করাতে হবে। থ্যালাসেমিয়ার জিন বহনকারী একজন নারী গর্ভধারণ করলে তার সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে অনাগত সন্তানের ভবিষ্যত নির্ধারণে তাকে সহযোগিতা করতে হবে।" এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চত করা, থ্যালাসেমিয়া পরীক্ষার সুযোগ সহজলভ্য করা এবং সরকারি ব্লাড-ব্যাংকগুলোতে পরিসঞ্চালন সেবা কেন্দ্র চালু করার ওপরও জোর দেন তিনি। থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি সুখবর হলো- পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এ রোগ নিরাময়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি এ রোগীরা যাতে শিক্ষা ও কাজ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন- সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. আব্দুর রহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইএইচ/আরএম/জেকে/২০১৫ ঘ.