গাজীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পলাতক একজনের বিরুদ্ধে মামলা করা হয়।
রোববার কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসিমা খানম এ সাজা দেন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়াকৈর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৫শ লিটার মদ ও মদ তৈরির উপকরণসহ দণ্ডিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
যৌথভাবে এ অভিযান চালায় র্যাব-১ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন- জগদীশ চন্দ্র বর্মন (৩৫), যোগেশ চন্দ্র বর্মন (৬০), হীরালাল চন্দ্র বর্মন (৩০), সুশীলা বর্মন (৩৫) ও রীনা রাণী বর্মন (৪০)।
এর মধ্যে জগদীশ, যোগেশ ও হীরালাল বর্মনকে ২১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সুশীলা ও রীনাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পালিয়ে যাওয়া পল সরকারের (৪৫) বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামপুর এলাকায় র্যাব-১ ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয় মাদক বিক্রেতা পল সরকার পালিয়ে যায়। পরে তার বাড়ির থেকে দেড় হাজার লিটার চোলাই মদ, ২০ হাজার লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24