২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৪ গ্রামে সন্ত্রাসী বাদল বাহিনীর হামলা

মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসী বাদল বাহিনী ৪টি গ্রামে হামলা চালিয়ে ৫০টি বাড়ি-ঘরে লুটপাট ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

মাদারীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসী বাদল বাহিনী ৪টি গ্রামে হামলা চালিয়ে ৫০টি বাড়ি-ঘরে লুটপাট ও ভাংচুর করেছে। তাদের হামলায় নারী ও শিশুসহ ২০ জন আহত হয়। রোববার সকালে এই হামলার সময় সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক ছড়াতে ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। স্থানীয় লোকজন, জেলা পুলিশ ও কালকিনি থানা সূত্র জানায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সন্ত্রাসী বাদল বাহিনীর হাতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছে। রোববার সকালে এই বাহিনীর প্রধান বাদল তালুকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী কালাই সরদারেরচর, সমিতিরহাট, মহরদ্দিরচর ও কাজীকান্দি-এই ৪টি গ্রামে হামলা চালায়। তারা এলাকার সেকান্দার হাওলাদার, হাছেন হাওলাদার, জসিম সরদার, চানমিয়া সরদার, আপাং কাজী, লোকমান কাজী, হান্নান কাজী, জামাল কাজী, কালাম কাজী, আলাম তালুকদার, কালাম তালুকদার, কাশেম তালুকদার, সামসুদ্দিন মিয়া, গিয়াসউদ্দিন তালুকদার, আহম্মেদ তালুকদার, হারুন তালুকদার, এসকেন মিয়া, কালু তালুকদার, জসিমউদ্দিন তালুকদারের বাড়িসহ ৫০টি বাড়িতে হামলা চালায় এবং লুটপাট ও ভাংচুর করে। তাদের হামলায় ২০ জন আহত হয়। সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। তারা জুয়েল সরদার নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত সাজেদা বেগম (৩৫), সাইদুল (৬), রহমান (২৮), মনির হোসেন ও কামালকে (৩৬) কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ওসি শাহিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে নিয়ে এসেছে। সন্ত্রাসী বাদল বাহিনী এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ বলেন, কালকিনির দুর্গম এলাকায় এই সন্ত্রাসী বাদল বাহিনীর প্রধানকে ধরতে র‌্যাব ও পুলিশের অভিযান অব্যাহত আছে। বিশেষ করে র‌্যাব এক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৯ ঘ.