ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
নিহতের নাম নূরে আলম সিদ্দিকী বাবলু (৩১)। সোমবার ভোররাতে বাবলুর ব্যবসায়িক প্রতিষ্ঠান 'স্বপ্নতরী'র ভেতরেই তার অর্ধগলিত লাশ পেয়েছে পুলিশ।
প্লট ও ফ্ল্যাট ব্যবসায়ী বাবলুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে এতে কারা জড়িত তা চিহ্নিত করা যায়নি।
বাবলু থাকতেন পূর্ব গোড়ানে। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বপ্নতরী ফাউন্ডেশন লিমিটেডও সেখানেই। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে।
নিহতের বড় ভাই মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবলু বৃহস্পতিবার ভোরে বাসা থেকে বের হয়েছিলেন। তারপর পরিবারের সঙ্গে তার আর কোনো কথা হয়নি।
শনিবার রাত ১২টার দিকে স্বপ্নতরীর ভেতর থেকে রক্ত আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
বৃহস্পতিবার থেকে নিখোঁজ হলেও পুলিশকে না জানানোর বিষয়ে মহসিন বলেন, "মাঝে মধ্যে বাবলু বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত। আবার ৩/৪দিন পর ফিরে আসতো। এবারও তাই ভাবা হয়েছিলো।"
কারা তাকে হত্যা করতে পারে- সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। বাবলুর স্ত্রী রয়েছে বলে জানান তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক(এসআই) মাহবুবুর রহমান চকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ পাওয়ার পর মহসিন বাদি হয়ে থানায় মামলা করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১২০ ঘ.
bdnews24