কুমিল্লা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে বললেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মুক্তিযুদ্ধের চেতনার কথা শুধু মুখে না বলে হৃদয়ে রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি শনিবার কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ চত্বর নির্মাণের ভিত্তিস্থাপন করেন। যুক্তিযুদ্ধে অংশ নেওয়া ওই বিদ্যালয়ের ছাত্রদের স্মৃতি ধারণ করার লক্ষ্য নিয়ে এ চত্বর তৈরি হচ্ছে।
খায়রুল হক বলেন, "মাঝে মাঝে যখন আমরা দেখি সংবিধান সংশোধন এবং এ নিয়ে কথাবার্তা। তখন আমরা সব সময়ই যেন মনে রাখি, এই সংবিধান আমরা পেয়েছি ৩০ লাখ শহীদের রক্ত পিচ্ছিল পথ দিয়ে। লক্ষ মুক্তিযোদ্ধার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই সংবিধান, এই বাংলাদেশ তাদের রক্তের ওপর গড়া, তাদের কঙ্কালের ওপর গড়া। তাদের সেই প্রতিচ্ছবিকে তাদের সেই ত্যাগকে যেন আমরা অস্বীকার না করি।
"যখনই আমরা সংবিধান সংশোধনের কথা চিন্তা করবো, তখনই যেন আমাদের মনে থাকে তাদের সবোচ্চ ত্যাগের কথা", বলেন তিনি।
সংবিধান সংশোধনে বর্তমান সরকারের উদ্যোগের মধ্যেই প্রধান বিচারপতি এ কথা বললেন। সংবিধান সংশোধনের উদ্যোগের এ উদ্যোগের বিরোধিতা করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
মুক্তিযুদ্ধে চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, "সংবিধান বলুন, মুক্তিযুদ্ধের চেতনা বলুন- এটা নিজের হৃদয়ে লালন করতে হবে। যদি নিজের হৃদয়ে স্বাধীনতার স্পিরিট নষ্ট হয়ে যায়, কোনো সংবিধান, কোনো মুক্তিযুদ্ধ চত্বর একে বাঁচিয়ে রাখতে পারে না।"
"যে সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, যে সংবিধান মুক্তিযোদ্ধাদের দান, সে সংবিধানকে আমাদের হৃদয়ে লালন করতে হবে, খালি মুখে বললেই হবে না", বলেন তিনি।
প্রধান বিচারপতি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24