২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে শুক্রবার পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে শুক্রবার পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক, ট্রাক চাপায় ব্যাংক কর্মচারী এবং অজ্ঞাত কারণে সংজ্ঞা হারিয়ে গৃহকর্মী মারা যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলী থানা এলাকার আনজুমান বোর্ডিংয়ের ছাদে বিকাল ৪টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক লুৎফর রহমান (৪৫)। চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে হালিশহর এলাকায় ঢাকা ব্যাংকের নিরাপত্তা প্রহরী সেকান্দার আলী ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হন। বিকেল সাড়ে ৪টার দিকে চমেক হাসপাতালে রোগী দেখতে আসেন ব্যবসায়ী রোকোনুজ্জামানের গৃহকর্মী হাসিনা (২২)। হাসপাতালের চতুর্থ তলায় উঠে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বলে পরীক্ষা শেষে হাসপাতালের এক চিকিৎসক জানান। তবে কী কারণে হাসিনা সংজ্ঞা হারিয়েছেন তা জানা যায়নি। চকেম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রোকনুজ্জামানের স্ত্রী। হাসিনা তার জন্য খাবার নিয়ে এসেছিলেন। গৃহকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের চতুর্থ তলায় উঠেই হাসিনা অসুস্থ বোধ করেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/২৩১১ ঘ.