সাতক্ষীরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসংক্রামক রোগ (এনসিডি) চিকিৎসায় সাতক্ষীরার তিনটি উপজেলায় পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক।
শুক্রবার সাতক্ষীরার সখিপুরে দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
প্রথম পর্যায়ে দেবহাটা, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় এ কর্মসূচি চালু হবে বলে মন্ত্রী জানান।
অনুষ্ঠানে রুহুল হক বলেন, দেশে স্বাস্থ্যসেবার মান অন্য যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
এনসিডি'র (নন কমিউনিকেবল ডিজিজ) আওতাভুক্ত হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হাঁপানীসহ বিভিন্ন ব্যাধি বাংলাদেশসহ বিশ্বব্যাপী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।
এই তিন উপজেলায় পাইলট প্রোগ্রাম শেষে পর্যায়ক্রমে বাংলাদেশের সব উপজেলায় এ কর্মসূচি চালু করা হবে বলে জানান তিনি।
তখন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে এনসিডি ইউনিট খোলা হবে বলে মন্ত্রী জানান।
সাতক্ষীরার সিভিল সার্জন এসজেড আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রোগগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীরা এলাকায় ঘরে ঘরে যাবেন। তারা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে মানুষকে এসব রোগ থেকে মুক্ত থাকার ব্যাপারে সচেতন করে তুলবেন।
সিভিল সার্জনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, ডা. একেএম জাফর উল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পরিবার পরিকল্পনা বিভাগের খুলনার পরিচালক রবিউল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24