পাবনা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় বাস শ্রমিক ইউনিয়ন নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করছে শ্রমিকরা। ফলে পাবনা-ঢাকা রুট ছাড়া সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গত ২ মে থেকে পাবনা-মংমনসিংহ রুটে দীর্ঘদিন ধরে চলাচলকারী সোলা পরিবহনের রুট পারমিট বাতিল করে নতুন বাস সার্ভিস হাজী পরিবহনকে পারমিট দেওয়া হয়। হাজী পরিবহনের মালিক স্থানীয় যুবলীগ নেতা শরীফুল ইসলাম ওরফে হাজী শরীফ। এতে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে শ্রমিক নেতারা পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলতে গেলে তাদের লাঞ্ছিত করা হয়।
এ বিষয়ে জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ খান বলেন, ওই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে অনিদির্ষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার রাতে সর্বস্তরের মালিকদের নিয়ে সভা ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৫৫ ঘ.
bdnews24