২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের জামিনের কাগজ পৌঁছেনি

র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেনের জামিনের নথি বরিশালে পৌঁছায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেনের জামিনের নথি বরিশালে পৌঁছায়নি। ফলে হাইকোর্ট থেকে জামিনের আদেশ পাওয়ার পর শুক্রবার বিকাল পর্যন্ত মুক্তি পায়নি সে। র‌্যাবের মামলায় কারাবন্দি লিমনকে বৃহস্পতিবার সকালে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ওই ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় কমিশন হবে না, তার কারণ জানাতে সরকারকে আদেশ দেওয়া হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির মিয়া বিকাল পৌণে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজ আসেনি। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে দায়িত্বরত হাবিলদার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজ তাদের হাতে পৌঁছায়নি। তিনি বলেন, "ছুটির দিন হওয়ায় এ কাগজ শুক্রবারের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা নেই। মূলতঃ কেউ ব্যক্তিগত উদ্যোগে না নিয়ে এলে রোববারের আগে কাগজ পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।" প্রিজন সেলের বিছানায় শুয়ে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন একটু ভালো আছি। মুক্তি পাওয়ার অপেক্ষায় আছি।" গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে। ঘটনার দিনই র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। অন্য মামলায় জামিন হলেও অস্ত্র মামলায় লিমনকে মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ হয়। ওই দিনই ঢাকা থেকে লিমনকে নেওয়া হয় ঝালকাঠীতে। বন্দি অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন লিমনকে ঢাকা থেকে ঝালকাঠীতে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লিমনকে দেখতেও গিয়েছিলেন তিনি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি আবেদনে বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চ লিমনকে অস্ত্র মামলাতেও অন্তর্র্বতীকালীন জামিন দেয়। কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণও সরকারকে জানাতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬০৭ ঘ.