ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তার কাচারিবাড়িতে প্রতিবছরই তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়ে আসছে।
দুই বাংলার মিলন মেলার মধ্যদিয়ে এবার সার্ধশত জন্মবার্ষিকী ব্যাপকভাবে পালিত হবে। এখানে সমাগম ঘটবে ভারত-বাংলাদেশের নামী-দামি অতিথি, রবীন্দ্র ভক্ত, প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের। দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হবে আবৃতি, নৃত্যানুষ্ঠান, গান, নাটক, চিত্রাঙ্কন, গীতিনাট্য-কাব্যনাট্য ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান। প্রকাশিত হবে স্বরণিকা।
কুঠিবাড়ীর পাশেই বসবে গ্রামীণ মেলা। কাচারীবাড়ির পাশাপাশি নানা সাজে সজ্জিত হচ্ছে পুরো শাহজাদপুর। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানকে ঘিরে বিভিন্ন সংগঠন চালিয়ে যাচ্ছে মহড়া। জেলা প্রশাসনের তদারকিতে চলছে সকল কার্যক্রম।
রবীন্দ্র ভক্তদের দীর্ঘদিনের প্রাণের দাবী শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা এ অনুষ্ঠানেই আসবে বলে তারা আশা করছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যেই সার্ধশত রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথি ও শিল্পীদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে চলছে নানা আয়োজন।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সনে প্রথম শাহজাদপুরে আসেন। উদ্দেশ্য জমিদারী দেখাশোনা। কিন্তু শাহজাদপুর কবির কাছে এতই ভাল লেগেছিল যে জমিদারীর কাজ ছাড়াও তিনি অনেকবার এখানে এসেছেন। রচনা করেছেন কবিতা, গান, নাটক, ছোটগল্প, উপন্যাস প্রভৃতি।
শাহজাদপুরের জমিদারী ঠাকুর পরিবারের দখলে যায় রবীন্দ্রনাথের জন্মের অনেক আগে ১৮৪০ সনে। রবীন্দ্রনাথের পিতামহ ব্যবসায়ী প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শিল্প উদ্যোক্তা ছিলেন। সওদাগরী ছাড়াও ব্যাংক, বিনিয়োগ এবং জাহাজ নির্মাণশিল্প প্রতিষ্ঠান গড়ে তিনি বিপুল বিত্তের অধিকারী হন। এ সময়ে নাটোরের বিখ্যাত জমিদার রানী ভবানীর জমিদারীর অংশ ছিল শাহজাদপুরে। অতিরিক্ত দান-ধ্যান এবং দুর্ভিক্ষে রানী ভবানীর রাজত্বে ধ্বস নামে। বিক্রি হতে থাকে জমিদারী। এ সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং পাকড়াশী ও সলপের স্যান্নাল বংশ মিলে ৩ তৌজির ডিহি শাহজাদপুর ১৩ টাকা ১০ আনায় নিলামে কিনে নেন।
এরপর দ্বারকানাথ এই জমিদারীর পুরো মালিকানা লাভ করেন। তিনি একটি নীলকুঠি কিনে নেন এবং সেখানে ঠাকুর কাচারী স্থাপন করেন। দ্বারকানাথ এখানে এসেছিলেন কিনা তার কোন প্রমান নেই। তবে তার পুত্র জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর এবং দেবেন্দ্র নাথ ঠাকুর এখানে কয়েকবার এসেছেন। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন কবির পিতা।
রবীন্দ্রনাথ জমিদারী দেখাশোনার দায়িত্ব পেয়ে ১৮৯০ সনে প্রথম শাহজাদপুর আসেন। ১৮৯৬ সন পর্যন্ত তিনি এখানে অনেকবার এসেছেন এবং অবস্থান করেছেন। এক সময় জমিদারী ভাগ হয়ে গেলে শাহজাদপুরের অংশটি পরে রবীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ভাগে। ভাইয়েরা পান শিলাইদহ এবং পতিসরের অংশ। শিল্পী অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথও অনেকবার শাহজাদপুরে এসেছেন।
১৯০১ সনের পরে রবীন্দ্রনাথ সম্ভবত আর শাহজাদপুরে আসেননি। রবীন্দ্রনাথ শাহজাদপুরে আসতেন ট্রেনে। নামতেন ঈশ্বরদী। তখন সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল পথ চালু হয়নি। ঈশ্বরদী থেকে পাকশী গিয়ে তার নিজস্ব বোট অর্থাৎ বিশাল বজরা নৌকা নিয়ে পদ্মা হয়ে যমুনা ঘুরে করতোয়া হয়ে আসতেন শাহজাদপুরে। চিত্রা নামে তার আরো একটি বোট ছিল। সেটিও তিনি মাঝে মধ্যে ব্যবহার করতেন।
রবীন্দ্রনাথ শাহজাদপুরে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেন। বিসর্জন নাটকের একাংশ, সোনার তরী, চিত্রা, চৈতালীর একাংশ, গল্পগুচ্ছ, ছিন্নপত্র প্রভৃতি গ্রন্থের বড় অংশই রচিত হয় শাহজাদপুরে। এখানে তার অনেক স্মৃতি রয়েছে।
সনীতি সঞ্চারিনী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিয়মিত অর্থ সাহায্য করতেন এবং যোগদান করতেন এর নানা অনুষ্ঠানে। পরিদর্শক বইতে মন্তব্য এবং স্বাক্ষর করেছেন। সেটি এখন শাহজাদপুর হাই স্কুল। রবীন্দ্রনাথ পরে নোবেল পুরস্কারের টাকা দিয়ে কৃষকদের জন্য করেছিলেন ব্যাংক। কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য তাদের আধুনিক প্রযুক্তি শিক্ষাদানের জন্য স্থাপন করেন শ্রী নিকেতন। পরবর্তীতে এসব প্রতিষ্ঠান শান্তি নিকেতনে স্থানান্তরিত হয়।
কবি তার শাহজাদপুর কুঠিবাড়িকে সাজিয়েছিলেন প্রকৃতির রাজ্যরূপে। রোপন করেন অসংখ্য বৃক্ষ। কবির নিজ হাতে রোপন করা বকুল গাছটি মরে গেছে। পরে একইস্থানে লাগানো হয়েছে আরেকটি গাছ। অজস্র পাখীর কলকাকলিতে কবি ফিরে পেতেন তার কাব্য চেতনা।
কুঠিবাড়ীর অনেক জিনিসই খোয়া গেছে। বিভিন্ন সময়ে লুট হয়ে গেছে অনেক মুল্যবান সম্পদ। তবুও বিশ্বকবির স্মৃতিকে সযতে
bdnews24