ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর থানার ওসিসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা ডাকাতির মামলা তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ কমিশনারকে ২২ জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ কে এম আজাদ বৃহষ্পতিবার এ আদেশ দেন।
একই আদালতে বুধবার মামলাটি দায়ের করেন মিরপুর এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া। ওইদিন বাদীর জবানবন্দি শুনে বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছিলেন বিচারক।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী, এএসআই শহীদ ও আবদুল্লাহ এবং আল হেলাল ও কাজী আব্দুল লতিফ নামের দুই ব্যক্তিকে এ মামলার আসামি করা হয়।
মামলার আরজিতে কাদের বলেন, আসামি আল হেলাল ও কাজী আ. লতিফ তার শ্যালককে দুবাই পাঠানোর জন্য লিখিত কাগজের মাধ্যমে ৫ লাখ টাকা নেয়। তারা সেই টাকা আত্মসাৎ করলে মিরপুর থানায় একটি প্রতারণা মামলা করেন কাদের।
বাদী আদালতকে বলেন, ওই প্রতারণা মামলায় আসামিদের গ্রেফতার করার কথা বলে ওসি কাজী ওয়াজেদ আলী তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু পরে হেলাল ও লতিফের পক্ষ নিয়ে উল্টো মামলা তুলে নেয়ার চাপ দেন ওই পুলিশ কর্মকর্তা। কাদের পরে জানতে পারেন যে, লতিফ ও হেলাল ওসির ঘনিষ্ট আত্মীয়।
আরজিতে বলা হয়, গত ১৫ এপ্রিল হেলাল ও লতিফ মিরপুর থানার ওসির ও পুলিশ সদস্যদের সহায়তায় কাদেরের বাড়িতে ঢুকে ভাঙচুর করে এবং টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রশ্ন করলে ওসি ওয়াজেদ আলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের মিয়ার বিরুদ্ধে নেত্রোকোনা থানার একটি মামলায় গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি করে আদালত। সেই আদেশ হাতে পাওয়ার পর তিনি তা তামিল করেছেন মাত্র।
বাড়িতে না পাওয়ায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৩৬ ঘ.
bdnews24