ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপের মন্তব্য বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটি বলছে, যুদ্ধাপরাধের বিচারে সহযোগিতার নামে বিচার প্রক্রিয়ায় বিতর্ক সৃষ্টির অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধাপরাধের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপ গত ৩ মে আমেরিকান ক্লাবে যে মন্তব্য করেছেন তা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। তারা পাকিস্তানিদের বর্বরতা, গণহত্যা, গণধর্ষণ ও ধ্বংসযজ্ঞকে শুধু সমর্থনই করেনি বরং প্রত্যক্ষ সহযোগিতা করেছিলো।
বিবৃতিতে ইনু ও আম্বিয়া বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় তাদের প্রশিক্ষণ ও পরামর্শ নেওয়া হলে পূর্ণ সমর্থন দেওয়ার যে আশ্বাস দিয়েছে, তা মানা যায় না। এ প্রস্তাব বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২২১ ঘ.
bdnews24