ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ঘোষিত যৌথ ইশতেহার পূর্ণতা পাবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের উপ রাষ্ট্রপতি এম হামিদ আনসারির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন আমরা ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছি।
"ওই সফরে অনেক প্রতিশ্র"তি পাওয়া গেছে। ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ঘোষিত যৌথ ইশতেহার পূর্ণতা পাবে।"
ভারতের উপ রাষ্ট্রপতিও একই আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছান ভারতের উপ রাষ্ট্রপতি। এই সফরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনজন পার্লামেন্ট সদস্য ও ১৯ জন সাংবাদিকসহ ৫৯ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল তার সঙ্গে রয়েছেন।
২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর উচ্চপর্যায়ের কোনো ভারতীয় প্রতিনিধিদলের এটিই প্রথম বাংলাদেশ সফর।
দীপু মনি বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক বিষয়েই মিল রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি। এই উৎসব দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে।"
তিস্তার পানি বণ্টন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যৌথ ইশতেহারে যেসব বিষয় রয়েছে তার মধ্যে তিস্তার বিষয়টিও উল্লেখ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টনসহ বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণের বিষয়ে একটি উপসংহারে পৌঁছতে চায় সরকার।
এম হামিদ আনসারির সঙ্গে বৈঠকে দীপু মনি এ কথা জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত বছর দিল্লীতে ঘোষিত যৌথইশতেহারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বাষির্কী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উৎসবের বাংলাদেশ পর্বের উদ্বোধন করা হবে।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও দ্বিজেন চৌধুরীর পরিবেশনার মধ্য দিয়ে শনিবার নয়াদিল্লিতে এ যৌথ উৎসবের ভারতীয় অংশের উদ্বোধন হবে।
অনুষ্ঠানে ধ্র"পদ সঙ্গীতের শিল্পী মাধুপ মুডগাল হিন্দি ভাষায় রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন বলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দিল্লির বিজ্ঞান ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/প্রতিনিধি/এএল/জেকে/২২১৮ ঘ.
bdnews24