ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালে প্রণীত 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন' অনুযায়ী বিভিন্ন কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্ম-এলাকা বণ্টন করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করে। ২০১০ সালে এ আইন প্রণয়নের পর এই প্রথম আবাসন ও ভূমি উন্নয়ন ব্যবসার নিবন্ধন ও অনুমোদনের বিধান প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।
আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), খুলনা উন্নয়ন কর্তপক্ষ (কেডিএ) এবং সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনকে নিজ বিধিবদ্ধ কর্ম-এলাকায় আবাসন ও ভূমি উন্নয়ন ব্যবসার নিবন্ধন ও অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে।
এছাড়া ক্যান্টনমেন্ট বোর্ড নিজ এলাকায় এ ব্যবসার অনুমোদন দেবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব পৌরসভারও এ নিবন্ধন ও অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে। তবে কক্সবাজার সদর, চকোরিয়া, মহেশখালী ও টেকনাফ পৌরসভা এবং পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভাসহ পার্শ্ববর্তী লতাচাপলি, গঙ্গামতি, কাউয়ারচর ও চরচাপলি মৌজায় স্থানীয় পৌরসভা অথবা অন্য কর্তৃপক্ষের ভূমি উন্নয়ন ও আবাসন ব্যবসার নিবন্ধন ও অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে না।
এসব এলাকায় পৌরসভার পরিবর্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট দুটি কমিটি এ ব্যবসার নিবন্ধন ও অনুমোদন দেবে। এসব পৌরসভার মেয়ররা কমিটিগুলোতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসক এ দুটি কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন। দুই কমিটিতেই স্থানীয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীরা সদস্য সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।
কক্সবাজারের কমিটিতে সদরের পৌর মেয়র এবং পটুয়াখালীর কমিটিতে কুয়াকাটা পৌরসভার মেয়র সদস্য থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২১২৮ ঘ.
bdnews24