বগুড়া, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর উপজেলায় ফুলেরা খাতুন পাচার মামলায় স্বামীসহ চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেব-উন-নেসা এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ফুলেরার স্বামী গোপালগঞ্জ জেলা সদরের হাতিকাটা উলিপুর গ্রামের গোলাম রসুল সরদার, সিরাজ শেখ, বরিশালের বানারিপাড়া উপজেলার শালিয়াবাকপুর গ্রামের লিপি খাতুন ওরফে লিজা, বগুড়ার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের দুলাল প্রামানিক। এদের মধ্যে লিপি খাতুন ছাড়া তিনজনই পলাতক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী তবিবুর রহমান তবি জানান, ২০০২ সালের ১ আগস্ট গোলাম রসুল পরিচয় গোপন করে বগুড়ার শেরপুরের হোসনাবাদ গ্রামের আবুজাল ফকিরের মেয়ে ফুলেরা খাতুনকে বিয়ে করেন। বিয়ের ৫/৬ মাস পর রসুলের প্রথম স্ত্রীর মেয়ে লিপি খাতুন রসুল ও ফুলেরাকে নিয়ে যশোরের তুলাতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে ফুলেরার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ফুলেরার বাবা আবুজাল ২০০৩ সালের ১৮ ফেব্র"য়ারি শেরপুর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৩৮ ঘ.
bdnews24