সাভার, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষে সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার 'ওপেক্স সোয়েটার্স লিমিটেড' কারখানাটি অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করা হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে কারখানার শ্রমিকরা মজুরি (পিচ রেট) বৃদ্ধির দাবি তুলে কর্তৃপক্ষের কাছে। তারা প্রতি পিচ ৮৪ টাকার পরিবর্তে ১০০-১২০ টাকা দাবি করে। তবে কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস না দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে।
উদ্ভূত পরিস্থিতিতে রাতেই বৃহস্পতিবার সকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এএল/১৭৪২ ঘ.
bdnews24