বান্দরবান, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ফাইতং ইউনিয়নের রইংগ্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মোবারক হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।
লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় রাস্তায় মোবারকসহ আরো একজনকে বন্য হাতি তাড়া করে।
এ সময় ওই ব্যক্তি দৌঁড়ে পালাতে পারলেও মোবারককে হাতি শূঁড় দিয়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২২ ঘ.
bdnews24