২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইজিবাইক' তৈরি ও আমদানি নিষিদ্ধ

বিদ্যুত চালিত তিন চাকার গাড়ি (ইজিবাইক) তৈরি বা আমদানি নিষিদ্ধ করেছে সরকার। নতুন করে আর এ ধরনের গাড়ির নিবন্ধনও দেওয়া হবে না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিদ্যুত চালিত তিন চাকার গাড়ি (ইজিবাইক) তৈরি এবং আমদানি নিষিদ্ধ করেছে সরকার। নতুন করে আর এ ধরনের গাড়ির নিবন্ধন দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে ইজিবাইক ও লাইসেন্সবিহীন অন্যান্য যানবাহন নিষিদ্ধকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। ব্যাটারিচালিত এই গাড়ি দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বিদ্যুতের ওপর চাপ তৈরি হচ্ছে। এ কারণেই সরকারের এ পদক্ষেপ। মন্ত্রী বলেন, "ইজিবাইকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে তা আটক করা হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে যে সব ইজিবাইক চলছে, বিশেষজ্ঞদের পরীক্ষার মাধ্যমে সেগুলোর 'জীবনকাল' নির্ধারণ করা হবে এবং ওই সময়ের পর তা আর চলতে দেওয়া হবে না। ইজিবাইকের ব্যাটারি রিচার্জ করতে দৈনিক ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এর একটি বড় অংশই ব্যবহার করা হয় অবৈধভাবে। গুণগতভাবে এ বাহন নিবন্ধন পাওয়ার উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন আবুল হোসেন। তিনি বলেন, "বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ গাড়ির নিবন্ধন না দিলেও স্থানীয় সরকারের পক্ষ থেকে যেমন- সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন দেওয়া হয়েছে।" সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান জানান, প্রতি ৬ থেকে ৯ মাস পরপর এ গাড়ির ব্যাটারি বদলাতে হয়। নষ্ট ব্যাটারির সীসা পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, "গত বছরের অক্টোবরে এ গাড়ি আমদানি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির জন্য আইন মন্ত্রনালয়ের পাঠানো হয়। এ বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।" স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এ গাড়ি চালিয়ে যেহেতু অনেকে তাদের জীবিকা নির্বাহ করে তাই এটা বাতিল না করে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান জানান, বর্তমানে দেশে প্রায় আড়াই লাখ ইজিবাইক রয়েছে। এ সেক্টরে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বলেন, দেশে পরিবহন স্বল্পতা থাকায় কঠোর সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। তাই বুয়েট থেকে পরীক্ষার মাধ্যমে মান যাচাইয়ের পর ইজিবাইকের নিবন্ধন দেওয়া উচিত। বিআরটিএ চেয়ারম্যান আইয়ূবুর রহমান এর বিরোধিতা করে বলেন, "এ গাড়ির গুণগতমান ও নিরাপত্তা স্টান্ডার্ড রেজিস্ট্রেশন উপযুক্ত নয়। তাই কোনভাবেই এর রেজিষ্ট্রেশন দেওয়া সম্ভব নয়।" ইজিবাইক আমদানি ও দেশে উৎপাদন নিষিদ্ধ করার পক্ষে মত দিয়ে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেন, এ বাইকের সংখ্যা আড়াই লাখ হলেও কিছুদিনের মধ্যে যে তা ১০ লাখে পৌঁছাবে না তার কোনো নিশ্চয়তা নেই।" সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনসহ অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৬৫৫ ঘ.