২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে দুর্ধর্ষ কয়েদিদের সঙ্গে লিমন

অভিযোগপত্রে লিমন হোসেনকে কিশোর উল্লেখ করলেও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো কাগজপত্রে তার বয়স ২৫ বছর দেখিয়েছে পুলিশ; তাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে খুন-ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তদের সঙ্গেই স্থান হয়েছে লিমনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগপত্রে লিমন হোসেনকে কিশোর উল্লেখ করলেও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো কাগজপত্রে তার বয়স ২৫ বছর দেখিয়েছে পুলিশ; তাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে খুন-ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তদের সঙ্গেই স্থান হয়েছে লিমনের। অস্ত্র আইনে করা র‌্যাবের মামলায় বুধবার ভোররাতে লিমনকে ঝালকাঠী থেকে বরিশালের হাসপাতালে আনা হয়। আদালতে হাজির করতে এর একদিন আগেই লিমনকে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে নেওয়া হয় ঝালকাঠীতে। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। অবশ্য মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের আবেদনে বৃহস্পতিবার হাইকোর্ট এ মামলায় লিমনকে ছয় মাসের জামিন দিয়েছে। বুধবার রাতে হাসপাতালে লিমনকে দেখতে গেলেও তার দেখা পাননি সাংবাদিকরা। পুলিশের পাহারা থাকায় ছেলের কাছে ঘেঁষতে পারেননি তোফাজ্জল হোমেনও। কতর্ব্যরত কারারক্ষীরা সাংবাদিকদের জানায়, লিমনের সঙ্গে প্রিজন সেলে হত্যা ও সন্ত্রাসের মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ জন কয়েদি রয়েছেন। কারাবিধি অনুযায়ী, বয়স ১৮ বছরের বেশি হলে হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা চলে বন্দিদের। লিমনকে তাই ডান্ডাবেড়ি পরা কয়েদিদের সঙ্গে থাকতে হচ্ছে। বরিশাল কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক মো. সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমনের বয়স ২৫ উল্লেখ থাকায় তাকে প্রিজন সেলে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের ভর্তি নিবন্ধন খাতায় দেখা যায়, লিমনের ভর্তি নম্বর ২৩৫৯৩/১৮১। সময় রাত ৩টা। তারিখ ০৪.০৫.১১। তার বয়স ২৫ বছর। অথচ র‌্যাবের একটি মামলায় ঝালকাঠীর রাজাপুর থানা পুলিশ তদন্ত করে আদালতে যে অভিযোগপত্র দিয়েছে, তাতে লিমনকে কিশোর উল্লেখ করে তার বিচার কিশোর আদালতে করার সুপারিশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা, রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় মামলায় লিমনের বয়স ২৫ লেখা হয়েছিলো। ঢাকার হাসপাতালে ভর্তির সময়ও তার বয়স ২৫ লেখা হয়। কিন্তু আমরা তদন্ত করে দেখেছি, লিমন কিশোর। লিমনকে 'অপ্রাপ্তবয়স্ক' উল্লেখ করে কিশোর অপরাধ আইনে বিচারের সুপারিশ করে পুলিশ। বরিশাল হাসপাতালে লিমনের সেবা কে করছে- জানতে চাইলে কারারক্ষীরা বলেন, অন্য কয়েদিরাই তাকে সাহায্যে করছে। তবে লিমনের মা হেনুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, "লিমন অচল। বিছানায় বসেই পায়খানা-প্রস্রাব করে সে। এ জন্য তাকে কম খেতে দেওয়া হচ্ছে।" তবে কারারক্ষীরা এ অভিযোগ নাকচ করে বলেন, লিমনকে স্বাভাবিক খাবারই দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী লিমনকে চিকিৎসা দিচ্ছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.