২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লেন এ সরকারের আমলেই'

ঢাকা-চট্টগ্রাম চার লেনের দ্বিতীয় মহাসড়কের কাজ এ সরকারের আমলেই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম চার লেনের দ্বিতীয় মহাসড়কের কাজ এ সরকারের আমলেই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এ প্রকল্প নিয়ে এডিবির আবাসিক প্রতিনিধি থিভ কুমার কান্দিহার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ২০০৮ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পে সম্ভাব্যতা যাচাই করেছিলো জানিয়ে মন্ত্রী বলেন, "প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই হালনাগাদ করতে বলা হয়েছে। ২০০৮ এ যে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিলো তাতে অধিক পরিমাণে কৃষিজমি ও লোকালয়ের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি কম হয়, এভাবে এ প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্টা করা হবে।" এর আগে সচিবালয় কার্যালয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এডিবির আবাসিক প্রতিনিধি থিভ কুমার কান্দিহা। সম্ভব্যতা যাচাই হালনাগাদ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে জানিয়ে আবুল হোসেন বলেন, "হালনাগাদ করার পুরো খরচ দেবে এডিবি।" পুরো প্রকল্পটি বাস্তবায়নে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (২০০৮ এর হিসাব অনুযায়ী) প্রয়োজন হতে পারে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, এডিবি'র কাছে এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে। তবে এডিবি জানিয়েছে হালনাগাদ সম্ভব্যতা যাচাইয়ের পর একাধিক দাতা সংস্থা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১২৫০ ঘ.