ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার নতুন ধরনের স্বাস্থ্য ভাতা বা আর্থিক সহায়তা ব্যবস্থা চালুর কথা ভাবছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে বসার আগে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, "দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি নতুন ব্যবস্থা সৃষ্টি করার কথা চিন্তা করছি আমরা।"
তবে এ 'বিশেষ' ব্যবস্থা কী ধরনের হবে তার ব্যাপারে কিছু জানাতে পারেননি মন্ত্রী।
দেশের প্রায় দুই কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে অনেকদিন ধরেই সরকার এ ধরনের 'বিশেষ' ব্যবস্থার ব্যাপারে চিন্তাভাবনা করে আসছে, বলেন তিনি।
এ ব্যাপারে এখনই কিছুই বলতে না পারলেও শিগগিরই কিছু একটা সুখবর দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রুহুল হক বলেন, সরকার ইতোমধ্যে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতের স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে।
নতুন ব্যবস্থাটি উপজেলা পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে চালু করা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, "আজ (বুধবার) কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় হয়তো কোনো উপায় বেরিয়ে আসবে।"
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের একটি বিশেষ কার্ড দেওয়া হবে, যাতে সারা দেশের সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে তাদের আস্থা বৃদ্ধি পায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার আগে কাদের এবং কতখানি এ সহায়তা দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিৎ সরকারের।
ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য কার্যক্রমগুলোর সবচেয়ে বড় সমস্য হলো এগুলোর স্থায়িত্ব।
স্বাস্থ্যখাতে বিশেষ আর্থিক সহায়তা কার্যক্রম শুরু আগে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিৎ মন্তব্য করে তিনি বলেন, "গত ৪০ বছরে আমরা অনেক কার্যক্রম দেখেছি, কিন্তু কোনোটিই স্থায়ী হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/ডিডি/০১১৯ ঘ.
bdnews24