ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কটে তৈরি পোশাক খাতে বছরে দুই হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক তৈরি ও রপ্তানিক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, "পোশাক খাতে দৈনিক ৭১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে অর্ধেক। এ কারণে লোডশেডিংয়ের সময়ে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে ডিজেল দিয়ে কারখানা চালাতে হচ্ছে।"
তার দাবি, এতে উৎপাদন প্রায় ১০ শতাংশ কমে এসেেেছ এবং ব্যয় বেড়েছে ২৫ শতাংশ।
"সব মিলিয়ে বছরে পোশাক খাতে দুই হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে," যোগ করেন সফিউল ইসলাম।
এছাড়া নতুন কারখানায় গ্যাস সংযোগ না পাওয়ায় এবং বিদ্যমান কারখানাগুলোতে গ্যাসের চাপ কম থাকায় এ খাত সংকটে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বিজিএমইএ আয়োজিত 'প্রমোটিং প্রাইমারি এনার্জি ইফিসিয়েন্সি ইন ইণ্ডাস্ট্রিজ' শীর্ষক এ সেমিনারে পোশাক খাতের সংকট কাটাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে- কৃষি খাতের মতো তৈরি পোশাক খাত থেকেও বিদ্যুতের বর্ধিত বিল না নেওয়া, বিদ্যুত বিলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, এলাকাভিত্তিক সাপ্তাহিক বন্ধের দিনের পরিবর্তে প্রতি রোববার সাপ্তাহিক ছুটি নির্ধারণ এবং একই হোল্ডিং নম্বরে একটি সংযোগের মাধ্যমে একাধিক শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া সাপ্তাহিক বন্ধের দিনেও গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানে একটি সমন্বিত জ্বালানি নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয় সেমিনারে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, "চলতি বোরো মৌসুম শেষ হলে বিদ্যুৎ সংকট অনেকটা কেটে যাবে। আর গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র আবিস্কার ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।"
জ্বালানি সংরক্ষণের জন্য ব্যবসায়ী ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে না পারলে কোনো উদ্যোগই কাজে আসবে না।"
যেসব ব্যবসায়ী ঋণ নিয়ে শিল্প কারখানা স্থাপন করে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না, তাদের ঋণের সুদ মওকুফ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে আরো বক্তব্য দেন বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০০৫৮ .
bdnews24