২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবিখার গমসহ ট্রাক আটক

বগুড়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ২২৩ বস্তা গম আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:03 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বগুড়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ২২৩ বস্তা গম আটক করেছে র‌্যাব। বুধবার বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা থেকে ট্রাকভর্তি গমগুলো আটক করা হয়। গমগুলো বগুড়া সদর খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ট্রাক চালক দুলাল মোহন্ত (৪৫) ও সহকারী কোমর উদ্দিন মন্টুকে (৫০) যথাক্রমে এক মাস ও পনের দিনের কারাদণ্ড দিয়েছে। একই ঘটনায় বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মজনুর রহমান থানায় একটি মামলাও দায়ের করেছেন। বগুড়া র‌্যাবের সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, কাজের বিনিময়ে খদ্য (কাবিখা) কর্মসূচির গম কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। সকাল ৮টার দিকে ঠেঙ্গামারা এলাকা অতিক্রম করার সময় গম বোঝাই ট্রাকটি আটক করা হয়। ৫০ কেজি ওজনের প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। পরে ট্রাকের চালক ও সহকারীকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান তাৎক্ষণিক তাদের বিচার করেন। বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মজনুর রহমান জানান, আটক গমের বস্তাগুলো খাদ্য অধিদপ্তরের। কিন্তু গমগুলো কাবিখার কি'না সেটি তদন্ত না করে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তিনি বলেন, আটক গমগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলাও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.