২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে তিনজন খুন

মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

মাদারীপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। এরা হলেন- রিজভী চৌধুরী (২৬), মোতাহার হাওলাদার (৫০) ও জোসনা বেগম (২৬)। শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, বুধবার সন্ধ্যায় তাজপুর গ্রামের পেল্ট্রি ব্যবসায়ী রিজভী চৌধুরীকে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে গ্রামের রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। কালকিনিতে নিহত ভ্যান চালক মোতাহার হাওলাদার উপজেলার রশিদ হাওলাদারের ছেলে। কালকিনি থানার ওসি একেএম শাহীন মণ্ডল বলেন, পুলিশ সকালে শহরের হাসপাতালের পাশে একটি কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার করে। মোতাহারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসাপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মাসুদা ও মেয়ে আসমা বেগম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোতাহার ঘর থকে বের হয়ে আর ফেরেননি। স্ত্রী আরো জানান, জমিজমা নিয়ে মামার বাড়ি ও পুত্রবধূর বাবার বাড়ির লোকজনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জেরে তাকে হাত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রাজৈর উপজেলার বাজিতপুর কোয়ালিয়া গ্রামের আ. রহিম মাতুব্বরের স্ত্রী জোসনা বেগমের (২৬) লাশ বুধবার সকালে পুলিশ উদ্ধার করেছে। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, সকালে বাড়ির পাশে গাছে জোসনা বেগমের লাশ সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সকাল থেকে জোসনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.