ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে মিরপুর থানার ওসি, দুই সহকারী উপপরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন আব্দুল কাদের মিয়া নামের এক ব্যবসায়ী।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়। হাকিম এম এ কে আজাদ বাদীর জবানবন্দি নিলেও কোনো আদেশ দেননি।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী, এএসআই শহীদ ও আবদুল্লাহ এবং আল হেলাল ও কাজী আব্দুল লতিফ নামের দুই ব্যক্তিকে এ মামলার আসামি করা হয়েছে।
অবশ্য ওসি কাজী ওয়াজেদ আলীর দাবি, তিনি ডাকাতি করনেনি। নেত্রোকোনা থানার একটি মামলায় আদালতের নিদের্শে কাদের মিয়ার বাড়ির মালামাল জব্দ করেছেন মাত্র।
রাজধানীর মিরপুরের বাসিন্দা কাদের মামলার আরজিতে বলেন, আল হেলাল ও কাজী আব্দুল লতিফ তার শ্যালককে দুবাই পাঠানোর কথা বলে লিখিত কাগজের মাধ্যমে ৫ লাখ টাকা নিলেও তা আত্মসাৎ করে। এ অভিযোগে মিরপুর থানায় একটি প্রতারণা মামলা করেন কাদের।
কাদের আদালতকে বলেন, ওই প্রতারণা মামলায় আসামিদের গ্রেফতার করার কথা বলে ওসি কাজী ওয়াজেদ আলী তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু পরে হেলাল ও লতিফের পক্ষ নিয়ে উল্টো মামলা তুলে নেয়ার চাপ দেন ওই পুলিশ কর্মকর্তা। কাদের পরে জানতে পারেন যে, লতিফ ও হেলাল ওসির ঘনিষ্ট আত্মীয়।
আরজিতে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল হেলাল ও লতিফ মিরপুর থানার ওসির ও পুলিশ সদস্যদের সহায়তায় কাদেরের বাড়িতে ঢুকে ভাঙচুর করে এবং টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রশ্ন করলে ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের মিয়ার বিরুদ্ধে নেত্রোকোনা থানার একটি মামলায় গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি করে আদালত। সেই আদেশ হাতে পাওয়ার পর তিনি তা তামিল করেছেন মাত্র।
বাড়িতে না পাওয়ায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩১০ ঘ.
bdnews24