নাটোর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলীর বিরুদ্ধে ভিজিএফ'র গম বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ'র ১১ বস্তা গম আটক করা হয়েছে।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, চেয়ারম্যান ছিদ্দিক আলী ১৮৯ জন দুস্থ মহিলার জন্য ১১ দশমিক ৩৪০ মেট্রিক টন (২২৫ বস্তা) গম উত্তোলন করেন গত ২৮ ফেব্র"য়ারি ও ৩০ মার্চ।
ওই গম তিনি পরিষদে না নিয়ে নিজের বাড়িতে রাখেন।
বিষয়টি বিলমাড়ীয়া ইউনিয়নে ভিজিএফ বিতরণের জন্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহামুদা সুলতানা জানার পর গত ২৬ এপ্রিল চেয়ারম্যানকে চিঠি দিয়ে ওই গম ২৮ এপ্রিল ইউনিয়ন পরিষদে বিতরণের নির্দেশ দেন।
কিন্তু ২৮ এপ্রিল তিনি ২২৫ বস্তার মধ্যে ১৮৭ বস্তা ইউনিয়ন পরিষদে জমা দেন। বাকি ৩৮ বস্তা রেখে দেন।
সোমবার (২ মে) উক্ত গম দুস্থ মহিলাদের মধ্যে বিতরণের নোটিশ দিয়েও কোনো কারণ ছাড়া তা বন্ধ রাখেন।
মঙ্গলবার (৩ মে) মহিলা বিষয়ক কর্মকর্তা ওই গম বিতরণের ব্যবস্থা নিতে ইউএনও ও ওসি বরাবর আবেদন করেন।
বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই তিনি গম বিতরণ শুরু করেন। কিন্তু দুই মাসের জন্য প্রত্যেকের প্রাপ্য ৬০ কেজি গমের স্থলে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ কেজি করে গম বিতরণ করতে থাকেন।
এই খবর পেয়ে ইউএনও ও ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ইউএনও বিতরণ হওয়া গম ওজন করে তাতে পরিমাণে কম পান।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে পালিয়ে যান। এ সময় বিতরণ না করা ১১ বস্তা গম থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় লালপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, চেয়ারম্যানকে বারবার তাগিদ দিয়েও গম বিতরণ না করায় আইনের আশ্রয় নেওয়া হয়। দুর্নীতির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দুর্নীতির সত্যতা পেয়েছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত চেয়ারম্যান ছিদ্দিক আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24