ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ, আইনি ও সীমানা সংক্রান্ত জটিলতা শেষ হওয়ায় ১১টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ১২ জুন ভোটগ্রহণ হবে ।
বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন (পৌর ও পল্লী) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
পৌরসভাগুলো হচ্ছে- দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নাটোরের বনপাড়া, পাবনার আটঘরিয়া, নড়াইলের লোহাগড়া, পটুয়াখালীর গলাচিপা, নরসিংদীর রায়পুরা ও ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভা ।
আব্দুল বাতেন জানান, এসব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ ও ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।
ইসি কর্মকর্তারা জানান, মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ১১টি পৌরসভায় নির্বাচন হবে। সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী অফিসার রিটার্নিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল মীমাংসার জন্য সংম্লিষ্ট জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।
গত জানুয়ারিতে চার দিনে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোতে নির্বাচন সম্পন্ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24