সাতক্ষীরা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।
এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম এসএম রেজানুর রহমান এ আদেশ দেন।
দণ্ডিত খন্দকার অমেদ আলী (৬৪) পলাতক রয়েছেন। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের বাসিন্দা।
মামলা নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১ ডিসেম্বর মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করে খন্দকার অমেদ আলী।
তার চিৎকার শুনে স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
ওই ঘটনায় ওইদিনই পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন মেয়েটির বাবা।
পরের বছর ৭ জানুয়ারি অমেদ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24