লক্ষ্মীপুর, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের ট্রান্সমিটার চোর আটক করা নিয়ে লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।
এ সময় ট্রান্সমিটার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার খিলবাইছা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হয়েছেন- চাঁদপুরের মতলবের আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সেনদা গ্রামের কাজল এবং চট্টগ্রামের বিবিরহাট এলাকার বাবুল।
তাদের সদর থানা হাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. সারোয়ার হোসেন বলেন, ভোর রাতে গ্রামে দুটি ট্রান্সমিটার খোলার সময় এলাকাবাসী তাদের আটক করে চোখ উপড়ে ফেলতে চায়। এ সময় টহল পুলিশ এসে তাদের থানায় নিতে চাইলে গ্রামবাসির সঙ্গে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাঠিপেটায় আহত হন- মফিজ উল্লাহ (৫০), সফিকুল ইসলাম (৬৫), সোহেল (২৫), কবির হোসেন (২৫), সিরাজ উল্লাহ (৩৫), আনোয়ার (৩০) ও কাদের (২৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১০০ ঘ.
bdnews24