ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বুধবার জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একজন নিহত হয়েছেন।
একইদিন বরিশালের গৌরনদী, ময়মনসিংহের ধোবাউড়া ও নাটোর সদর উপজেলায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট: গোলাপগঞ্জের শ্রীবহর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন নূর মিয়া (৬০)। আহত হন দুইজন।
আহত একই গ্রামের আমিন উদ্দিন ও মামুন আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, একখণ্ড জমির মালিকানা নিয়ে নূর মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আজির উদ্দিন ও এনাম আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বেলা ১১টার দিকে নূর মিয়া ওই জমিতে হালচাষ করতে গেলে আজির ও এনাম ১৫-২০ জন লোক নিয়ে তার উপর হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই নূর মিয়া নিহত হন।
এ সময় নূর মিয়াকে বাঁচাতে গিয়ে আহত হন আমিন উদ্দিন ও মামুন আহমদ।
নিহত নূর মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই গিয়াস।
বরিশাল: বেলা ১২টার দিকে গৌরনদীর আনন্দপুর গ্রামে একটি পানের বরজ থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী শামীম ব্যাপারীর (২৫) লাশ।
শামীম ব্যাপারী দক্ষিণ বাউরগতি গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই আকতার হোসেন ব্যাপারী সাংবাদিকদের জানান, রোববার দুপুরে উপজেলার টরকী বন্দরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে শামীম আর বাড়ি ফেরেননি।
পাশের আনন্দপুর গ্রামের লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়।
গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শামীমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের বড় ভাই আকতার থানায় মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ: বিকালে শহরের সীমান্তবর্তী ধোবাউড়ার শিবানন্দখিলা গ্রাম থেকে লিপি (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি আব্দুল আলীম সাংবাদিকদের জানান, ধর্ষণের পর হত্যা করে ওই কিশোরীর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর: সকালে নাটোর সদরের ধানুড়াচাপিলা গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলী নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
ইদ্রিস আলীর বাবা তাছের আলী সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে ইদ্রিস নিখোঁজ ছিলেন।
সকালে তার লাশ পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পানিতে ডুবিয়ে ইদ্রিসকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিকালে তিনি বলেন, এখনো থানায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24