ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামী রোববার।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ দিন ঠিক করে। একদিন আগেই চেম্বার বিচারপতি শুনানির জন্য আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছিলেন।
গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ আপিল আবেদনটি করেন। সামরিক আদালতে সাজাপ্রাপ্ত সিদ্দিক বুধবার আপিল বিভাগে নিজের জামিনেরও আবেদন করেন।
রোববার আপিলের শুনানির সঙ্গেই তার জামিন আবেদনের শুনানি হবে বলে সিদ্দিকের কৌঁসুলি হাসান এমএস আজিম সাংবাদিকদের জানিয়েছেন।
সিদ্দিকের আবেদনে সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণার রায় এসেছিলো। তবে সিদ্দিকের সাজা এখনো বহাল রয়েছে।
গত বছরের ২৬ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেয়। পাশাপাশি এইচএম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়।
আদালতের নির্দেশ অনুসারে সিদ্দিক গত ৭ এপ্রিল নিু আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানের তিনি কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24