ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে (২০১১-১২) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৪৬ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে প্রায় ১১ হাজার কোটি টাকা বেশি।
মঙ্গলবার শেরোবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, "অন্যান্য বছরের তুলনায় এবার এডিপির আকার বড় হতে পারে। এবার এডিপির আকার হতে পারে ৪৬ হাজার কোটি টাকা।"
মন্ত্রী জানান, এর মধ্যে ২৭ হাজার ৩১৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি অর্থ 'বৈদেশিক সূত্র' থেকে সংগ্রহ করা হবে।
চলতি অর্থবছরের প্রকল্পসহ আগামী অর্থবছরে এডিপিতে ১২৩৭টি প্রকল্প থাকবে বলেও জানান তিনি।
চলতি অর্থবছরের বাজেটে এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। পরে তা কমিয়ে ৩৫ হাজার ১৩০ কোটি টাকা করা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ২৩ হাজার ২০০ কোটি টাকা। বাকি ১৫ হাজার ৩০০ কোটি টাকা পাওয়া যাবে বিদেশি সাহায্য থেকে।
চলতি অর্থবছরের বাজেটে প্রথমে ৯১০টি প্রকল্প অনুমোদন করা হয়। পরে আরো ২৪৬টি প্রকল্প এডিপিতে অন্তর্ভূক্ত করা হয়।
অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একাধিকবার বলেছেন, বিদেশি সহায়তার প্রতিশ্র"তি থাকলেও সরকার তা খরচ করতে পারছে না।
গত ২৩ এপ্রিল সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এডিপি বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "বাজেট বাস্তবায়ন নিয়ে সব সময়ই কথা হয়। বাস্তবায়নে গাফিলতি ও দুর্বলতা দুটোই আছে। তবে এগুলো মোকাবিলা করার চেষ্টা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/০১১৯ ঘ.
bdnews24